Logo

ঘোড়াঘাটে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৩, আহত ১০

profile picture
উপজেলা প্রতিনিধি
ঘোড়াঘাট, দিনাজপুর
১২ এপ্রিল, ২০২৬, ১৪:৫৭
ঘোড়াঘাটে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৩, আহত ১০
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার দামোদারপুর শৌলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইক্রোবাস চালক নাসিম মিয়া (৩৫), তিনি বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে; যাত্রী আনোয়ার হোসেন (৫০), একই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে; এবং সবুর আলী (৫২), বীরগঞ্জ উপজেলার চকদহর গ্রামের ইজামউদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মাইক্রোবাসটি ১০ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শসাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাস থেকে চালকসহ আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াঙ্ক কুন্ডু চালক নাসিম মিয়াকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পরে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন ও সবুর আলী মারা যান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD