Logo

ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে কালীগঞ্জে বর্ণিল নববর্ষ উদযাপন

profile picture
উপজেলা প্রতিনিধি
কালিগঞ্জ, গাজীপুর
১৪ এপ্রিল, ২০২৬, ১৯:৩০
ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে কালীগঞ্জে বর্ণিল নববর্ষ উদযাপন
ছবি: প্রতিনিধি

গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়ায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরের কালীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। নানা আয়োজন ও ব্যাপক অংশগ্রহণে মুখর হয়ে ওঠে উপজেলা প্রাঙ্গণ।

বিজ্ঞাপন

নববর্ষ উৎসবকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ভিন্নধর্মী সাজ-পোশাক ও উপস্থাপনা। লাঙ্গল, পাটলা ও কাচি হাতে, লুঙ্গি ও গামছা পরে কৃষকের বেশে একদল অংশগ্রহণকারী হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরেন। অন্যদিকে কলেজ শিক্ষার্থীরা নববর-বধূ সেজে পালকীসহ অংশ নিয়ে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন। সব মিলিয়ে পুরো আয়োজনজুড়ে ছিল চিরচেনা বাংলার সংস্কৃতির ছাপ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি হাসপাতাল হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের মাঝে দই-চিড়া পরিবেশন করা হয়। পরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান, নৃত্য ও দলীয় পরিবেশনার মাধ্যমে নববর্ষকে বরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা কৃষি অফিসার মোরসালিন মেহেদী, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, পৌর সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন

সার্বিকভাবে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে কালীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন সম্পন্ন হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD