Logo

জীবননগরে কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
১৭ এপ্রিল, ২০২৬, ১৫:৫৯
জীবননগরে কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে একটি কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে তুষার মন্ডল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তুষার মন্ডল মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবণ মন্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

সহকর্মীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তুষার মন্ডল ও তার সহকর্মী মফিজুল হক (৪২) একসঙ্গে দায়িত্ব পালন করছিলেন। রাতের দিকে মফিজুল হকের চোখে গ্যাস লাগলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তুষার তাকে বিশ্রাম নিতে বলেন এবং নিজেই দায়িত্ব চালিয়ে যেতে থাকেন।

পরে ভোর সাড়ে ৪টার দিকে মফিজুল হক ঘুম থেকে উঠে তুষারকে না পেয়ে কোল্ড স্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল ৭টার দিকে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষারকে পড়ে থাকতে দেখে তাকে মৃত অবস্থায় শনাক্ত করা হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD