চাঁদপুরে জাটকা ধরায় ২২ জেলে আটক, ১৫ জনের সাজা

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, একজনকে জরিমানা এবং ৬ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে অভিযানে অংশ নেওয়া সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সদর উপজেলার অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়। পাশাপাশি পাঁচটি মশারী জাল ও পাঁচটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
বিজ্ঞাপন
পরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে এক জেলেকে ৩ মাসের কারাদণ্ড, তিনজনকে ২১ দিন করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং আরও কয়েকজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একজন ক্যান্সার আক্রান্ত হওয়ায় তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, আটক ৬ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্ত জেলেদের মধ্যে রয়েছেন, মো. ইউনুস (৬৭), শামীম পাটোয়ারী (২৯), রিপন খান (৩০), হোসাইন হাওলাদার (২৫), মো. রাকিব (২০), আব্দুল করিম (৩৫), ঈমান হাওলাদার (২২), দুধু মাঝি (৩২), মো. আনসার খান (৩০), দলিল মিজি (৫৬), শাহীন হাওলাদার (২০), হাসান হাওলাদার (২৯), হাবিব জমাদার (২৯), আবুল কাশেম (২৫), হারুন জমাদার (৫০) ও শাহজাহান পাটোয়ারী (১৮)। তাদের বাড়ি চাঁদপুর শহরের পুরান বাজার, দোকানঘর, সদরের বহরিয়া, লক্ষ্মীপুর ও ইব্রাহীমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।








