রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা গ্রামে শান্ত তেলী (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
রবিবার (১৯ এপ্রিল) ভোরে বাড়ির অদূরে একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে নিজ বসতঘর থেকে প্রায় ৩০০ ফুট দূরে একটি ইউক্যালিপটাস গাছের ডালে সুতার দড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শান্ত তেলী ক্ষিরতলা (চন্ডি দুয়ার) গ্রামের সহদেব চন্দ্র তেলীর ছেলে। শনিবার তার বিয়েকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দিন-তারিখ নির্ধারণের আলোচনা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এ উপলক্ষে মেয়েপক্ষের আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছেলের বাড়িতে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আগামী সাত দিনের মধ্যেই মূল অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়।
স্বজনদের ভাষ্যমতে, রবিবার ভোরে ফজরের আজানের পর শান্ত তেলী ঘর থেকে বাইরে যাওয়ার কথা বলে বের হন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
বিজ্ঞাপন
পরে তার স্ত্রী বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানালে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে বাড়ির কাছেই একটি ইউক্যালিপটাস গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
দ্রুত তাকে নিচে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে। স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন শান্ত তেলী। বিয়ের পর তিনি স্ত্রীকে নিয়ে ঢাকার সাভার এলাকার ফুলবাগানে কাজ করতেন। এক সপ্তাহ আগে পরিবারসহ গ্রামের বাড়িতে আসেন তিনি। শনিবার রাতে উভয় পক্ষের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন
ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য নিপেন্দ্র নাথ মাহাতো বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মতিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”








