ঘুমন্ত অবস্থায় কুপিয়ে আহত নারী ববিতার মৃত্যু, জীবননগরে চাঞ্চল্য

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
নিহত ববিতা (২৭) আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা এবং সানোয়ার হোসেনের মেয়ে। তিনি দুই সন্তানের জননী এবং স্বামী পরিত্যক্তা হিসেবে বাবার বাড়িতেই বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত গভীর রাতে, আনুমানিক রাত ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা তার পিতার বাড়িতে প্রবেশ করে। এ সময় ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
বিজ্ঞাপন
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে। তিনি বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”








