নেছারাবাদে হাম-রুবেলা টিকাদান শুরু, ২২,৯৭৩ শিশুকে সুরক্ষার লক্ষ্যমাত্রা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ২২ হাজার ৯৭৩ জন শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকার আওতায় আনতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) সকালে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও অমিত দত্ত বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল অভিভাবককে নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানান, ২০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। যেসব শিশু আগে টিকা নিয়েছে বা নেয়নি—সবার জন্যই এ টিকা প্রযোজ্য।
তিনি আরও জানান, কর্মসূচির প্রথম ৮ দিন অস্থায়ী টিকাদান কেন্দ্র (ইপিআই) থেকে টিকা দেওয়া হবে। পরবর্তী ৩ দিন উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসায় এ কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে উপজেলার শিশুদের হাম ও রুবেলা রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।








