Logo

ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র-গোলাবারুদসহ আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
কয়রা, খুলনা
২১ এপ্রিল, ২০২৬, ১৩:৪০
ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র-গোলাবারুদসহ আটক
ছবি: সংগৃহীত

সুন্দরবন এলাকায় বিশেষ অভিযানে কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের দমনে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় গত ২০ এপ্রিল সোমবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল বাগেরহাটের রামপাল থানাধীন শুকদারা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লা (৩৫)কে আটক করা হয়। তিনি পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে এসেছিলেন বলে জানা গেছে।

আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ২টার দিকে মোংলা থানার সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি একনলা বন্দুক, একটি এয়ারগান এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটক আব্দুস সামাদ মোল্লা বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দস্যুতা কার্যক্রমে জড়িত ছিলেন বলে জানায় কোস্ট গার্ড।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD