Logo

দৌলতপুরে সশস্ত্র হামলা, স্বেচ্ছাসেবক দল নেতাসহ ১০-১২ জন গুলিবিদ্ধ

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২১ এপ্রিল, ২০২৬, ১৩:২৯
দৌলতপুরে সশস্ত্র হামলা, স্বেচ্ছাসেবক দল নেতাসহ ১০-১২ জন গুলিবিদ্ধ
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ একই গ্রামের নারী-পুরুষ মিলিয়ে অন্তত ১০-১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়ার মাদ্রাসাপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে অন্ধকারের সুযোগ নেয় একদল সশস্ত্র দুর্বৃত্ত। তারা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে রবিউল ইসলামের বাড়িতে চড়াও হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই বাড়ির সদস্যদের ওপর নির্বিচারে গুলি চালায় হামলাকারীরা।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম, একই গ্রামের সাহাজ প্রামাণিকের ছেলে কামু, কটা প্রামাণিকের ছেলে রানা, জাকায়াত প্রামাণিকের ছেলে হাফেজ প্রামাণিক, রানার স্ত্রী তমা খাতুন, রুমনের স্ত্রী রুনা, রাকিব ডাক্তারের স্ত্রী মুন্নীসহ আরও কয়েকজন।

বিজ্ঞাপন

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হামলার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আহতের স্বজন মেহেদী হাসান বলেন, “রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পরপরই অস্ত্রধারীরা হঠাৎ আমাদের ওপর হামলা চালায় এবং নারী-পুরুষ সবাইকে গুলি করে পালিয়ে যায়।”

বিজ্ঞাপন

দৌলতপুর থানার এসআই সৈকত বিশ্বাস জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা চিকিৎসাধীন আছেন। বিষয়টি তদন্তাধীন।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD