নান্দাইলে সিসি ক্যামেরার নজরদারিতে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ৯টি কেন্দ্রে মোট ৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় মোট ৩ হাজার ২২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ১৬৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিতদের মধ্যে সাধারণ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা রয়েছে। তবে এদিন কোনো পরীক্ষার্থী বা শিক্ষক বহিষ্কৃত হওয়ার ঘটনা ঘটেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রতিটি কেন্দ্রের হলরুমে সিসি ক্যামেরা স্থাপনসহ কঠোর নজরদারির মাধ্যমে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিজ্ঞাপন
নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মফিজুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকিতে সকল কেন্দ্রে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ও হলরুমে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তিনি বলেন, “শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ বদ্ধপরিকর।”
বিজ্ঞাপন
প্রথম দিনের শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় শিক্ষক, অভিভাবক ও প্রশাসন সন্তোষ প্রকাশ করেছে।








