Logo

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৯ ঘণ্টায় তিন দুর্ঘটনা

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীনগর, মুন্সিগঞ্জ
২১ এপ্রিল, ২০২৬, ১৫:১৭
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৯ ঘণ্টায় তিন দুর্ঘটনা
ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোররাত ৩টা থেকে দুপুর ১২টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে শ্রীনগর উপজেলার কামারখোলা সার্ভিস রোডের রেলওভার ব্রিজের ঢালে। মাওয়ামুখী লেনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে প্রাইভেটকারের চালক গুরুতর আহত হন। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে সকাল ৭টার দিকে একই এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন সার্ভিস রোডে আরও একটি দুর্ঘটনা ঘটে। সড়ক মেরামতের কাজে নিয়োজিত শ্রমিক ও মালামাল বহনকারী একটি পিকআপ ভ্যানের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারান এবং যানটি উল্টে যায়। এতে পিকআপে থাকা পাঁচজন শ্রমিক আহত হন।

বিজ্ঞাপন

আহতরা হলেন, আনিচুর রহমান (৪২), রবি মন্ডল (৪৪), ধনঞ্জয় মন্ডল (৪৭), অভি (২২) ও শফিক (৪০)। তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এরও আগে রাত ৩টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় মাওয়ামুখী লেনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ওই সময় এক পথচারী রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পরে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পাশাপাশি সকাল ও দুপুরের দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঘটনাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এদিকে হাইওয়ে পুলিশের ইনচার্জ ডা. মাহমুদুল হাসান বলেন, গভীর রাতে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হন। নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে থানায় রয়েছে এবং তার পরিচয় শনাক্তে বিশেষজ্ঞ দলের সহায়তা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD