সরকারী নিয়মের বাহিরে কাজ না করায় অপপ্রচার চালাচ্ছে কুচক্রী মহল

সাভারে সরকারি নিয়মের বাইরে কাজ না করায় এবং দালালদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
সাব-রেজিস্ট্রার জাকির হোসেন বলেন, কিছু অসাধু ব্যক্তি নিয়ম বহির্ভূত সুবিধা আদায় করতে না পেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে এবং সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। এতে তার দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হচ্ছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, “আমি এই কার্যালয়ে যোগদানের পর শৃঙ্খলা ফিরিয়ে এনেছি এবং একটি সুশৃঙ্খল কর্মপরিবেশ তৈরি করেছি। এর ফলে জমি কেনাবেচা বেড়েছে, সরকারি রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে এবং সেবার মান উন্নত হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও জানান, ২০২৪ সালে সাভারে মোট ২৪ হাজার ১১৬টি দলিল নিবন্ধন হয়, যা থেকে রাজস্ব আদায় হয় ২৬৬ কোটি ৬৯ লাখ ৭ হাজার ২৫৬ টাকা। ২০২৫ সালে দলিল নিবন্ধন হয় ২৪ হাজার ৫৫টি এবং রাজস্ব আদায় হয় ২৮৯ কোটি ২১ লাখ ৮ হাজার ১০৯ টাকা।
বিজ্ঞাপন
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রথম তিন মাসে ৬ হাজার ১৪৪টি দলিল নিবন্ধনের বিপরীতে রাজস্ব আদায় হয় ৬৫ কোটি ১ লাখ ৪০ হাজার ৯৪৬ টাকা। অন্যদিকে, ২০২৬ সালের একই সময়ে ৫ হাজার ৪৩৪টি দলিল নিবন্ধন হলেও রাজস্ব আদায় বেড়ে দাঁড়ায় ৮০ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ১১৪ টাকা।
বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের প্রথম তিন মাসের তুলনায় ২০২৬ সালের একই সময়ে প্রায় ১৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।








