Logo

জিয়ানগরে আবারও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
ইন্দুরকানী, পিরোজপুর
২২ এপ্রিল, ২০২৬, ১২:৪৩
জিয়ানগরে আবারও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
ছবি: প্রতিনিধি

পিরোজপুরের জিয়ানগর উপজেলা আবারও বিপুল পরিমাণ চোরাই বিটুমিন উদ্ধারের ঘটনা ঘটেছে। পরিত্যক্ত অবস্থায় থাকা ৭৫ ব্যারেল বিটুমিন উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশের জিয়ানগর থানা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত থানা পুলিশের একটি দল উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামে অভিযান চালায়। এ সময় ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ির ভেতর থেকে ৭৫ ব্যারেল বিটুমিন উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই ইসমাইল হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে এসব বিটুমিন বাড়ির ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। তবে বাড়ির মালিক বাদল হাওলাদার দাবি করেছেন, তিনি ঢাকায় অবস্থান করছিলেন এবং কে বা কারা এসব বিটুমিন তার বাড়িতে রেখে গেছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

বিজ্ঞাপন

এর আগে গত ৪ এপ্রিল একই এলাকায় আরেকটি অভিযানে ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করা হয়। সেসময় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পলাশ এন্টারপ্রাইজ-এর মালিক শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের কাজের সাইট থেকে এসব বিটুমিন জব্দ করা হয়েছিল। ঝালোকাঠী জেলার একটি মামলার সূত্র ধরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ওই উদ্ধার অভিযান পরিচালিত হয়।

বর্তমানে নতুন করে উদ্ধার হওয়া ৭৫ ব্যারেল বিটুমিনও একই ঠিকাদারের হতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে শাকিল মাহমুদ পলাশ হাওলাদার এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না এবং তাকে ফাঁসাতে প্রতিপক্ষরা তার নাম ব্যবহার করছে।

বিজ্ঞাপন

জিয়ানগর থানার এসআই সাইদুজ্জামান জানান, বাড়ির মালিক বিটুমিন সম্পর্কে অজ্ঞতার কথা বলেছেন। একাধিক ব্যক্তি এসব বিটুমিনের মালিকানা দাবি করায় সেগুলো থানায় নিয়ে আসা হয়েছে। প্রকৃত মালিক শনাক্তের পর আদালতের মাধ্যমে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি ঝালকাঠী সদর উপজেলা, রাজাপুর উপজেলা, বেতাগী উপজেলা এবং মোড়েলগঞ্জ উপজেলা এলাকায় বিটুমিন চুরির একাধিক ঘটনা ও মামলা হয়েছে। উদ্ধার হওয়া এসব বিটুমিনের মালিকানা নিয়েও বিভিন্ন পক্ষ দাবি জানিয়ে আসছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD