Logo

বাস মালিকদের দ্বন্দ্বে অচল রাজশাহী রুট, ভোগান্তিতে যাত্রীরা

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
২২ এপ্রিল, ২০২৬, ১৪:১০
বাস মালিকদের দ্বন্দ্বে অচল রাজশাহী রুট, ভোগান্তিতে যাত্রীরা
ছবি: সংগৃহীত

রাজশাহী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় কাউন্টারগুলোতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও যানবাহন না পেয়ে অনেককেই ফিরে যেতে হচ্ছে। এতে কার্যত অচল হয়ে পড়েছে রাজশাহীর সঙ্গে সড়ক যোগাযোগের বড় অংশ।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে রাজশাহী নগরীর বিভিন্ন বাস কাউন্টার ও কেন্দ্রীয় টার্মিনালে একই চিত্র দেখা যায়। যাত্রীরা ভিড় করলেও কোনো বাস না থাকায় তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। আগের দিন মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকেই রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিক সমিতির নেতারা।

তবে স্থানীয় কিছু রুটে আংশিক স্বস্তি রয়েছে। রাজশাহী থেকে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জগামী বাস চলাচল স্বাভাবিক থাকলেও দেশের অন্যান্য জেলায় যাওয়ার কোনো বাস ছাড়ছে না।

বিজ্ঞাপন

পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী ও নাটোর জেলার বাস মালিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরেই এই অচলাবস্থা তৈরি হয়েছে। এর ফলে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ রুটগুলোতে যাত্রী পরিবহন কার্যত বন্ধ হয়ে গেছে।

ভোগান্তির শিকার যাত্রীদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেওয়ায় তারা বিপাকে পড়েছেন।

শফিকুল আজিম নামে এক যাত্রী জানান, আগের দিন তার ঢাকায় যাওয়ার কথা থাকলেও যেতে পারেননি। আজ আবার বাসস্ট্যান্ডে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। পরিবার ও শিশুদের নিয়ে এমন পরিস্থিতিতে পড়া তার জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

একই ধরনের দুর্ভোগের কথা জানান নগরীর বাসিন্দা রফিকুল ইসলাম। জরুরি কাজে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সকালে বের হলেও বাস না পেয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

অন্যদিকে, ছোট সন্তান নিয়ে অপেক্ষায় থাকা শিউলি বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না, যা যাত্রীদের জন্য আরও ভোগান্তির কারণ হচ্ছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, অনেক যাত্রী বিকল্প হিসেবে সিএনজি বা ভাড়ায়চালিত ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আবার কেউ কেউ বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন বাড়িতে।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, এদিন দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

দ্বন্দ্ব নিরসন না হওয়া পর্যন্ত যাত্রীদের এই দুর্ভোগ অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD