Logo

বাউবি-ইউজিসি বৈঠক, দূরশিক্ষায় দক্ষ জনশক্তি গঠনে জোর

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২২ এপ্রিল, ২০২৬, ১১:২২
বাউবি-ইউজিসি বৈঠক, দূরশিক্ষায় দক্ষ জনশক্তি গঠনে জোর
ছবি: প্রতিনিধি

দেশের দূরশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। এ লক্ষ্য সামনে রেখে বাউবি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাউবির উপাচার্য ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান-এর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে উপাচার্য বাউবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি জানান, গাজীপুরের মূল ক্যাম্পাসে উপাচার্য, প্রো-উপাচার্য ও ট্রেজারারের দপ্তর ছাড়াও সাতটি একাডেমিক স্কুল এবং ১১টি প্রশাসনিক বিভাগ সক্রিয়ভাবে কাজ করছে।

বিজ্ঞাপন

বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৮০টি উপ-আঞ্চলিক কেন্দ্র এবং ১,৪৫২টি স্টাডি সেন্টারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাউবির ৫২টি ফরমাল প্রোগ্রামে তিন লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। পাশাপাশি ১৯টি নন-ফরমাল প্রোগ্রামের মাধ্যমে ঝরে পড়া ও বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিকল্প শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়েছে।

উপাচার্য আরও জানান, শিক্ষার্থীরা নিজেদের সুবিধামতো সময় অনুযায়ী সরাসরি বা অনলাইনে পাঠ গ্রহণ করতে পারছে। ভর্তির সঙ্গে বিনামূল্যে পাঠ্যবই প্রদান করা হচ্ছে। উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে এসএসসি থেকে পিএইচডি পর্যন্ত ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

আন্তর্জাতিক পরিসরেও বাউবি কার্যক্রম বিস্তৃত করছে। দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, কাতার, দুবাই, ওমান ও ইতালিতে প্রবাসীদের জন্য স্টাডি সেন্টার চালু হয়েছে। এর ফলে কর্মজীবী প্রবাসীরাও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। এশিয়া ও ইউরোপের আরও কয়েকটি দেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বাউবির মূল লক্ষ্য সম্পর্কে উপাচার্য বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যুগোপযোগী ও উৎপাদনমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ করে তোলাই তাদের প্রধান উদ্দেশ্য।

এ সময় ‘হিট’ প্রকল্পের আওতায় শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরা হয়। ইতোমধ্যে দুটি ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং নতুন ব্যাচ শিগগিরই শুরু হবে।

বিজ্ঞাপন

ইউজিসি চেয়ারম্যান বাউবির কার্যক্রমের প্রশংসা করে বলেন, দেশের অদক্ষ ও বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরে বাউবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি.এম আহমেদ হুসেইন এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD