গাকৃবিতে সিএবিআই কোর্স যুক্তের উদ্যোগ, আন্তর্জাতিক মানে শিক্ষার নতুন দিগন্ত

উচ্চশিক্ষাকে আরও বাস্তবমুখী, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল (সিএবিআই) অ্যাকাডেমির কোর্সসমূহ কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে এ সভা হয়।
জানা যায়, শিক্ষাকে কেবল পাঠ্যবইনির্ভর না রেখে বাস্তব জীবনের সমস্যা সমাধানে সক্ষম, দক্ষ ও মানবিক পেশাজীবী গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সিএবিআই অ্যাকাডেমির কোর্সগুলো আন্তর্জাতিক মানের কনটেন্ট, বাস্তব সমস্যাভিত্তিক শিক্ষা, অনলাইন ও স্বশিক্ষণ সুবিধা এবং স্বীকৃত সনদ প্রদানের মাধ্যমে কৃষি ও পরিবেশ খাতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, সিএবিআই বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ড. মো. সালেহ আহমেদ এবং সিএবিআই-এর ডিজিটাল টুলস ইউজের গ্লোবাল লিড ড. মালভিকা চৌধুরী। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সভায় অংশ নেন।
সভায় স্বাগত বক্তব্যে ড. সালেহ আহমেদ সিএবিআই-এর বৈশ্বিক কার্যক্রম ও শিক্ষামুখী উদ্যোগ তুলে ধরেন। পরে ড. মালভিকা চৌধুরী সিএবিআই অ্যাকাডেমির ডিজিটাল লার্নিং কোর্স নিয়ে একটি তথ্যসমৃদ্ধ উপস্থাপনা দেন। অন্যদিকে গাকৃবির সাফল্য ও অর্জন নিয়ে ডকুমেন্টারি উপস্থাপন করেন ড. মো. মাহবুবুর রহমান।
উন্মুক্ত আলোচনায় মূলত গুরুত্ব পায় কীভাবে সিএবিআই-এর গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোর্সগুলো গাকৃবির শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা যায়, যাতে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করতে পারে। আলোচনা শেষে এ বিষয়ে নীতিগত সম্মতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞাপন
এছাড়া সভায় গাকৃবির ডিজিটাল হার্বেরিয়ামকে সিএবিআই-এর সঙ্গে সংযুক্ত করা, সিএবিআই ইনডেক্সড জার্নালে গাকৃবির সাইটেশন অন্তর্ভুক্ত করা, যৌথ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং সনদ প্রদান নিয়ে পারস্পরিক আগ্রহ প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বর্তমান বিশ্বে কেবল ডিগ্রি নয়, বাস্তব দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাশক্তির প্রয়োজন। সিএবিআই-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় শিক্ষার্থীদের সেই সক্ষমতা অর্জনে সহায়তা করবে এবং দেশের কৃষি ও পরিবেশ খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, সিএবিআই একটি আন্তর্জাতিক, আন্তঃসরকারি ও অলাভজনক সংস্থা, যা তথ্যভিত্তিক জ্ঞান ও বৈজ্ঞানিক দক্ষতার সৃজনশীল প্রয়োগের মাধ্যমে কৃষি ও পরিবেশ খাতের জটিল সমস্যার টেকসই সমাধান নিয়ে কাজ করে যাচ্ছে।








