নওগাঁ ও টেকনাফে এক রাতে ৭ জনকে গলাকেটে হত্যা

নওগাঁ ও কক্সবাজারে পৃথক ঘটনায় এক রাতে সাতজনকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) রাতেই নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজন এবং টেকনাফে তিন যুবক নিহত হন।
বিজ্ঞাপন
জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়। নিহতরা হলেন— হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)।
পুলিশ জানায়, হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে, আর দুই সন্তানকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পারভেজ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিজ্ঞাপন
স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুরের বাবা নমির হোসেন ঘরের সামনে রক্ত দেখে সন্দেহ করেন। পরে ঘরে ঢুকে খাটের ওপর চাদরে মোড়ানো অবস্থায় চারজনের মরদেহ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা জড়ো হন এবং পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, হাবিবুর রহমান গরু ব্যবসায়ী ছিলেন। সোমবার সন্ধ্যায় হাট থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকার লোভে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ডাকাতির পর পরিচয় গোপন রাখতে পরিবারের সদস্যদের হত্যা করে। এ সময় স্বর্ণালঙ্কারও লুট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ঘটনাটি ডাকাতির সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং বিস্তারিত তদন্ত চলছে।
অন্যদিকে কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন— মজিদ, নুরুল বশর ও রবি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, ধারণা করা হচ্ছে রাতে বা ভোরে তাদের অপহরণ করে পাহাড়ে নিয়ে হত্যা করা হয়েছে। এখনও আরও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপহরণ ও মানবপাচার সংশ্লিষ্ট বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং অন্যদের বিরুদ্ধেও অপহরণ ও মানবপাচারের সংশ্লিষ্টতার অভিযোগ আছে।








