ঢাকায় অজ্ঞান পার্টির খপ্পরে সাংবাদিক হুমায়ুন কবির, হাসপাতালে ভর্তি

জীবননগরের সাংবাদিক হুমায়ুন কবির ঢাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
তিনি জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবজমিন ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমির জীবননগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
জানা যায়, রবিবার (১৯ এপ্রিল) দুপুরে ঢাকার ধোলাইখালে চাচার বাসা থেকে জীবননগরের উদ্দেশ্যে রওনা দেন হুমায়ুন কবির। পথিমধ্যে অজ্ঞান পার্টির কবলে পড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও দুর্বৃত্তরা তা নিতে ব্যর্থ হয়ে তাকে ফেলে রেখে চলে যায়।
বিজ্ঞাপন
পরে মাজার রোড এলাকায় পৌঁছানোর পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। তার ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ কল রেকর্ড দেখে স্থানীয় এক ব্যবসায়ী মারফতের সঙ্গে যোগাযোগ করা হয়। মারফত বিষয়টি তার ভাই আলমকে জানালে তিনি দ্রুত ব্যবস্থা নেন।
পরে হুমায়ুন কবিরকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে তার ভাই আলম রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এবং মঙ্গলবার সকালে হাসপাতালে পৌঁছান।
বিজ্ঞাপন
আলম জানান, “অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছ থেকে কিছু নিতে পারেনি। তবে তার হাতে ইনজেকশনের চিহ্ন পাওয়া গেছে। এখনও তার জ্ঞান ফেরেনি।”
এ ঘটনায় জীবননগর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ঢাকায় অজ্ঞান পার্টির তৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।








