বাউফলে বিদ্যুৎ না থাকায় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাটে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন জহিরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি।
বিজ্ঞাপন
দীর্ঘ ৪৮ ঘন্টা পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে বগা ফেরিঘাট এলাকায় লোহালিয়া নদী থেকে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে লোহালিয়া নদীর তীরে বগা ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার কনকদিয়া ইউনিয়নের বাসিন্দা।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় এক নিকট আত্মীয়ের জানাজায় অংশ নিতে বাড়ি থেকে রওনা দেন জহিরুল ইসলাম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বগা ফেরিঘাটে পৌঁছানোর পর ফেরিতে ওঠার চেষ্টা করেন। তবে ওই সময় ঘাট এলাকায় বিদ্যুৎ না থাকায় চারপাশ ছিল অন্ধকারাচ্ছন্ন। এতে অসাবধানতাবশত পা পিছলে তিনি নদীতে পড়ে যান।
ঘটনার পরপরই আশপাশের লোকজন চিৎকার শুনে দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। স্থানীয় জেলে ও উপস্থিত লোকজন নদীতে নেমে রাতভর খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।পরে খবর পেয়ে বগা ও দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। তবে তাদের চেষ্টাও ব্যর্থ হয়।








