Logo

ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

profile picture
উপজেলা প্রতিনিধি
ধামরাই, ঢাকা
২৪ এপ্রিল, ২০২৬, ১৫:৫২
ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালের দিকে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদা আক্তার ধামরাইয়ের লাকুড়িয়াপাড়ায় তার নানীর সঙ্গে থাকতেন। তিনি ধামরাই সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থী ছিলেন। পরিবার জানায়, নিহতের মা প্রবাসী ও বাবা বরিশালে থাকেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বিকেলের দিকে ঘরে পড়াশোনা করছিলেন তিনি। পারিবারিক কাজে তার নানী বাইরে যান, ঘণ্টাখানেক পর ফিরে দেখেন নাহিদা ঘরে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কেউ তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার শরীরে ও গলায় ভারি জখম দেখা যায়। তবে কে বা কারা তাকে কুপিয়েছে সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের শরীরে ভারি জখম দেখা যায়। তবে কিভাবে কেন কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত প্রাথমিকভাবে তা জানা যায়নি। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD