Logo

মারা গেলেন সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন

profile picture
জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ
২৬ এপ্রিল, ২০২৬, ১২:০০
মারা গেলেন সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন ইন্তেকাল করেছেন। রোববার (২৬ এপ্রিল) ভোররাতে ঢাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

বিজ্ঞাপন

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ফাতেমা সারোয়ার, ছেলে সাবায়ের সারোয়ার ও মেয়ে তানজিয়া সারোয়ার অমিসহ অসংখ্য স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

১৯৫৭ সালের ৬ নভেম্বর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মোতাহার হোসেন ছিলেন সরকারি চাকরিজীবী এবং মা হাসিনা বিশ্বাস।

বিজ্ঞাপন

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন মিলন। ১৯৮১-৮২ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পরিচিতি পান। এর আগে ভাসানী ন্যাপ-ঘনিষ্ঠ বামপন্থী ছাত্ররাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। এরশাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে তিনি কারাবরণও করেন।

১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টিতে যোগ দিয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই বছর এবং ১৯৮৮ সালে অনুষ্ঠিত তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে মানিকগঞ্জ-৪ আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই সময়ে হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের মন্ত্রিসভায় ১৯৮৬-৮৭ মেয়াদে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে দল পরিবর্তন করেন তিনি। জীবনের শেষ দিকে বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বাদ যোহর মানিকগঞ্জের সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে ঢাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD