মায়ের ইচ্ছা পূরণে নববধূকে হেলিকপ্টারে করে ঘরে আনলেন ছেলে

মায়ের বহুদিনের লালিত স্বপ্ন পূরণ করতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করলেন মালয়েশিয়া প্রবাসী রাজিব তালুকদার। নিজ বাড়ি থেকে হেলিকপ্টারে চড়ে কনের বাড়িতে যান তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে সঙ্গে নিয়ে একই পথে আকাশপথে বাড়ি ফেরেন রাজিব। ছেলের এমন আয়োজন শুধু পরিবারেই নয়, পুরো এলাকায় সৃষ্টি করেছে উৎসবমুখর পরিবেশ।
বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) নেত্রকোণার আটপাড়া উপজেলার কুলশ্রী গ্রামে এই ব্যতিক্রমী আয়োজন ঘিরে দেখা যায় উৎসবের আমেজ। কুলশ্রী গ্রামের মৃত আছাব উদ্দিন তালুকদারের ছেলে রাজিব তালুকদারের বিয়ে হয় পাশের মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের সাখাওয়াত হোসেনের মেয়ে রাইসা আক্তারের সঙ্গে। এই বিয়েকেই স্মরণীয় করে তুলতে হেলিকপ্টারে যাওয়া-আসার আয়োজন করা হয়।
পরিবারের সদস্যরা জানান, ছোটবেলাতেই বাবাকে হারান রাজিব। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে জীবিকার তাগিদে পাড়ি জমান মালয়েশিয়ায়। প্রবাসজীবন শুরু করার পর থেকেই ছেলেকে ঘিরে মায়ের একটি স্বপ্ন ছিল—একদিন ছেলের বউকে হেলিকপ্টারে করে ঘরে তুলবেন। দীর্ঘদিনের সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতেই এ আয়োজন করেন রাজিব।
বিজ্ঞাপন
শুধু ছেলেই নন, হেলিকপ্টারে চড়ে নিজ হাতে পুত্রবধূকে ঘরে তুলতে ছেলের সঙ্গে ছিলেন রাজিবের মা। এতে তার বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।
রাজিবের মা বলেন, ছেলে বিদেশে যাওয়ার পর থেকেই মনে আশা ছিল, সে যদি সুস্থভাবে ফিরে আসে এবং ভালো ঘরে বিয়ে হয়, তাহলে তাকে হেলিকপ্টারে করে বিয়ে করাব। আল্লাহ সেই আশা পূরণ করেছেন। এখন খুব ভালো লাগছে।
রাজিব তালুকদার বলেন, আমরা ১০ ভাইবোনের মধ্যে আমি সবার ছোট। বিদেশে যাওয়ার পর মা আমার কাছে ইচ্ছার কথা বলেছিলেন। তিনি চেয়েছিলেন, আমার বিয়েতে যেন বউকে হেলিকপ্টারে করে বাড়িতে আনা হয়। মায়ের সেই স্বপ্ন পূরণ করতেই এই আয়োজন করেছি।
বিজ্ঞাপন
হেলিকপ্টারে বরযাত্রা এবং নবদম্পতির আগমন ঘিরে কুলশ্রী গ্রামসহ আশপাশের এলাকায় বিরাজ করে উৎসবের আবহ। ব্যতিক্রমী এই দৃশ্য দেখতে সকাল থেকেই উৎসুক মানুষ ভিড় জমান। নারী, পুরুষ ও শিশুসহ শত শত মানুষ হেলিকপ্টারে নবদম্পতির আগমন দেখতে জড়ো হন।
গ্রামবাসীর অনেকেই বলেন, এলাকায় এমন আয়োজন আগে কখনও দেখা যায়নি। তাই হেলিকপ্টারে বরযাত্রা আর নববধূর আগমন দেখতে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ব্যতিক্রমী এই বিয়ে এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।








