Logo

জীবননগরে অবৈধ সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
২৬ এপ্রিল, ২০২৬, ১৬:৪৪
জীবননগরে অবৈধ সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অবৈধভাবে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার উথলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ মামুনুল হাসান।

অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে বেকারি, হোটেল, ঔষধ, সার ও বীজসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ করায় মো. আব্দুল কাদেরের প্রতিষ্ঠান “যমুনা ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি”কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া অবৈধভাবে সার বিক্রয় এবং ভাউচার সংরক্ষণ না করার অভিযোগে ৪৫ ধারায় জাহাঙ্গীর আলমের প্রতিষ্ঠান “মেসার্স রানা ট্রেডার্স”কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে দুই প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে অন্যান্য ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD