দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ৩ দিন বন্ধ

ভারতের নদিয়া জেলার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তিন দিনের জন্য বন্ধ রাখা হয়েছে দর্শনা-গেদে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল। তবে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরার সুযোগ রাখা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৭ এপ্রিল) সকালে ভারতের কেন্দ্রীয় সরকারের এক অফিস আদেশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন। তিনি জানান, নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, আগামী ২৯ এপ্রিল ভারতের নদিয়া জেলায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে সীমান্তবর্তী চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিট থেকে শুরু করে ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনা আইসিপির কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রমের মাধ্যমে পাসপোর্টধারী সাধারণ যাত্রীদের যাতায়াত বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
তবে এই নিষেধাজ্ঞার মধ্যেও বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যদিকে, নির্বাচন শেষ হওয়ার পর আগামী ৩০ এপ্রিল থেকে আগের মতোই দর্শনা-গেদে চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল ও ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে।








