দীঘিনালা–মাইনি সড়কে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক আটকা, যান চলাচল বন্ধ

খাগড়াছড়ির দীঘিনালা–মাইনি সড়কের একটি বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক মাঝপথে আটকে পড়েছে। এ ঘটনায় সড়কটিতে সব ধরনের দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে গেছে, চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও স্থানীয়রা।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ পাটাতনের একটি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি ব্রিজের মাঝখানে আটকে যায় এবং সঙ্গে সঙ্গেই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঘটনার পর থেকে দীঘিনালা, মাইনি ও লংগদূগামী বাস ও ট্রাকসহ সব ধরনের ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পাশের একটি ছোট সেতু দিয়ে মোটরসাইকেল ও ইজিবাইকসহ হালকা যানবাহন সীমিতভাবে চলাচল করছে।
সড়ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আটকে থাকা ট্রাকটি সরাতে উদ্ধারকাজ চলছে এবং এতে পুরো দিন সময় লাগতে পারে। পাশাপাশি দ্রুত ব্রিজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।








