Logo

বজ্রপাতে ৮ জেলায় ১৩ জনের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
৩০ এপ্রিল, ২০২৬, ০৯:৩৫
বজ্রপাতে ৮ জেলায় ১৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনেই ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পটুয়াখালীতে চারজন, জামালপুরে দুইজন, বরগুনায় দুইজন, ময়মনসিংহ, বাগেরহাট, রংপুর, রাজবাড়ী ও পিরোজপুরে একজন করে রয়েছেন।

বিজ্ঞাপন

পটুয়াখালী : জেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে চারজন নিহত হন। সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে গরু বাঁধতে গিয়ে সৌরভ মজুমদার (২২) মারা যান। দুপুর ১টার দিকে কলাপাড়ার তারিকাটা গ্রামে ভুট্টাক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিন (২৮) নিহত হন। পরে পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সেতারা বেগম (৫৫) এবং শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে খালেক হাওলাদার (৫৫) বজ্রপাতে প্রাণ হারান।

এছাড়া গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকায় অন্তত ৫০টি গবাদিপশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

জামালপুর : ইসলামপুর উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নদীতে মাছ ধরতে গিয়ে শামীম মিয়া (৩৫) এবং সড়ক নির্মাণকাজে থাকা অবস্থায় সাগর ইসলাম (১৮) বজ্রপাতে নিহত হন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে টিম পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরগুনা : পাথরঘাটা ও আমতলী উপজেলায় পৃথক বজ্রপাতে আল-আমীন নামে এক জেলে এবং নূরজামাল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি সহায়তার অর্থ তুলে দেওয়া হয়েছে।

ময়মনসিংহ : তারাকান্দা উপজেলায় সকালে নদীতে মাছ ধরতে গিয়ে সাদ্দাম হোসেন (৩২) বজ্রপাতে মারা যান। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

বিজ্ঞাপন

বাগেরহাট : সদর উপজেলার সরকারডাঙ্গা গ্রামে বিকেলে গরু আনতে গিয়ে বজ্রপাতে রবিন হাওলাদার (৫৩) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

রংপুর : তারাগঞ্জ উপজেলার কাজীপাড়া গ্রামে বাড়ির পাশে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে এক গৃহবধূ বজ্রপাতে প্রাণ হারান।

বিজ্ঞাপন

রাজবাড়ী : সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে সকালে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নিহত হন। এ সময় তার কোলে থাকা ছোট মেয়ে ছিটকে পড়ে আহত হলেও পরে সুস্থ হয়ে ওঠে।

পিরোজপুর : মঠবাড়িয়া উপজেলায় হাঁস আনতে গিয়ে বজ্রপাতে আয়েশা আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, অধিকাংশ ঘটনাই খোলা মাঠ, নদী বা বাইরে কাজ করার সময় ঘটেছে। আবহাওয়া খারাপ থাকলে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার জন্য সবার প্রতি সতর্কতা জারি করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD