পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা

টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। একই সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নেত্রকোনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার—এই পাঁচ জেলায় বন্যার ঝুঁকি বেশি বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নেত্রকোনার ভুগাই–কংস নদী জারিয়াজাগুইল পয়েন্টে, সোমেশ্বরী নদী কমলাকান্দা পয়েন্টে, মগড়া নদী নেত্রকোনা পয়েন্টে এবং মৌলভীবাজারের মনু নদী মৌলভীবাজার পয়েন্টে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিজ্ঞাপন
এছাড়া সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিনে আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তৃতীয় দিনের মধ্যে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং সুরমা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও জুড়ী নদীর পানিও আগামী তিন দিনে বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। এর মধ্যে খোয়াই ও জুড়ী নদীর পানি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দ্রুত বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিচু এলাকায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
বিজ্ঞাপন
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে, ১৬১ মিলিমিটার। ভোলায় ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।








