ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

ইতালিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইকে হত্যা করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে মরদেহ দেখানোর ঘটনাও ঘটেছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
জানা গেছে, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের প্রবাসী দুই ভাই—হুমায়ুন ফকির ও নয়ন ফকির। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে বড় ভাই হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন ফকিরকে আঘাত করে হত্যা করেন বলে অভিযোগ।
ঘটনার পর অভিযুক্ত হুমায়ুন ফকির ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে নয়নের মরদেহ দেখান এবং হত্যার বিষয়টি স্বীকার করেন। পরে ইতালির পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
নিহতের এক বন্ধু (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, হুমায়ুন ফকির প্রায় ১২ বছর ধরে ইতালিতে অবস্থান করছেন। প্রথমে তিনি লিবিয়ায় যান, পরে সেখান থেকে ইতালিতে পাড়ি জমান। ২০২৩ সালে বড় ভাইয়ের সহায়তায় ছোট ভাই নয়নও ইতালিতে যান।
পারিবারিক সূত্রে জানা যায়, হুমায়ুন ফকিরের দুটি বিয়ে ছিল এবং প্রথম স্ত্রীকে তালাক দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। ছোট ভাই নয়ন এ বিষয়ে আপত্তি জানালে তাদের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ইতালিতে পারিবারিক দ্বন্দ্বে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছেন বলে তারা জেনেছেন। বিষয়টি তাদের অবগত করা হয়েছে।








