বিয়ের দাবিতে যুবদল নেতার বাড়িতে বিধবার অবস্থান

রংপুরের পীরগাছা উপজেলা-এ বিয়ের দাবিতে এক যুবদল নেতার বাড়িতে অবস্থান নিয়েছেন দুই সন্তানের জননী এক বিধবা নারী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের বালারদিঘী এলাকায় অভিযুক্ত নেতার বাড়িতে গিয়ে তিনি অবস্থান শুরু করেন।
অভিযুক্ত ব্যক্তি রফিকুল ইসলাম, কান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। ভুক্তভোগী নারীর অভিযোগ, প্রায় ১৫ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এলে পারিবারিক ও সামাজিক চাপের মুখে তিনি বিয়ের দাবিতে ওই নেতার বাড়িতে অবস্থান নেন এবং বিয়ে না হওয়া পর্যন্ত সেখান থেকে না ওঠার ঘোষণা দেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী তিন বছর আগে মারা যান। তার দুই ছেলে রয়েছে এবং তারা বিবাহিত। অন্যদিকে রফিকুল ইসলামও বিবাহিত এবং চার কন্যাসন্তানের জনক। তবে তিনি প্রেমের সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে স্থানীয়দের দাবি, পরিস্থিতির কারণে রফিকুল ইসলাম বিয়েতে রাজি হয়েছেন বলেও আলোচনা রয়েছে।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত থাকলেও এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর স্থানীয় নেতারা জানিয়েছেন, কোনো নেতার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।








