Logo

সৌদিতে থেকেও নোয়াখালীর মিছিলের মামলায় আসামি যুবক

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
৫ অক্টোবর, ২০২৬, ২২:৩৯
সৌদিতে থেকেও নোয়াখালীর মিছিলের মামলায় আসামি যুবক
ছবি: সংগৃহীত

জীবিকার তাগিদে সৌদি আরবে যাওয়ার মাত্র আট দিন পর নোয়াখালীর সোনাইমুড়ী থানার একটি মামলায় আসামি হয়েছেন মো. আমির হোসেন ওরফে ইলিয়াস (৩৯)। তার দাবি, যে সময়ের ঘটনায় তাকে আসামি করা হয়েছে, তখন তিনি সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছিলেন। বিষয়টি নিয়ে তিনি হয়রানির অভিযোগও করেছেন।

বিজ্ঞাপন

ইলিয়াস সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবিরপাড়া-শোকরপুর গ্রামের নতুন বাড়ির শামছুল হকের ছেলে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের প্রায় দুই মাস পর ইলিয়াস সৌদি আরবে যান। পরে চলতি বছরের ২০ মে ছুটিতে দেশে ফেরেন তিনি। এরপর গত ১২ সেপ্টেম্বর আবারও জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। এর আট দিন পর, ২০ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় করা একটি মামলায় তাকে ১২ নম্বর আসামি করা হয়। ওই মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে।

ইলিয়াসের অভিযোগ, তিনি একসময় যুবলীগের স্থানীয় কর্মী ছিলেন। রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইলিয়াস বলেন, ‘আমি গত ১২ সেপ্টেম্বর সৌদি আরবে এসেছি। পরে জানতে পারি, ১৯ সেপ্টেম্বর ভোর ৫টা থেকে ৬টার মধ্যে সোনাইমুড়ী হাইওয়ে সড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের অভিযোগে পুলিশ বাদী হয়ে ওই দিনই মামলা করেছে। সেই মামলায় আমাকেও আসামি করা হয়েছে। অথচ ঘটনার সময় আমি সৌদি আরবে অবস্থান করছিলাম।’

তিনি আরও অভিযোগ করেন, মামলা থেকে তার নাম বাদ দেওয়ার কথা বলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে টাকা দাবি করছেন। টাকা দিলে মামলা থেকে নাম বাদ দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও তাকে জানানো হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নোয়াখালীর পুলিশ সুপারের হস্তক্ষেপও কামনা করেছেন ইলিয়াস।

বিজ্ঞাপন

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ইলিয়াস নিজেই দাবি করেন তিনি ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। পাশাপাশি বর্তমান মামলা থেকে তার নাম বাদ দেওয়ার কথা বলে একটি কুচক্রী মহল তার কাছ থেকে টাকা চাচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD