শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন

মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঝাড়ু মিছিল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
বিজ্ঞাপন
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই গ্রামের পাঁচ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের হাবুল শিকদার (৫৭) ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর হাবুল শিকদার আত্মগোপনে চলে যান বলে স্থানীয়রা জানান।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থানায় মামলা না করার জন্য অভিযুক্ত পক্ষ বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাদের ওপর চাপ সৃষ্টি করে। একই সঙ্গে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তারা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরই মধ্যে সোমবার সন্ধ্যায় প্রায় পাঁচ শতাধিক এলাকাবাসী ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অভিযুক্তের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাবুল শিকদারের বাড়ির সামনে গেলে একপর্যায়ে বিক্ষুব্ধ কয়েকজন বাড়িটিতে ভাঙচুর চালান। পরে সেখানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘হাবুল শিকদার আমার শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেছেন। আমি এ ঘটনার বিচার চেয়েও বিচার পাইনি। পরে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তার বাড়িতে অগ্নিসংযোগ করেছে। আমি থানায় অভিযোগ করেছি।’
বিজ্ঞাপন
অভিযোগের বিষয়ে জানতে হাবুল শিকদার ও তার পরিবারের সদস্যদের বাড়িতে পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








