Logo

রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
শিবপুর, নরসিংদী
৩০ এপ্রিল, ২০২৬, ১৬:১৮
রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র উদ্ধার
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসএসসি ভোকেশনাল পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র উদ্ধার করেছে স্থানীয়রা। পরে খাতাগুলো অক্ষত অবস্থায় থানায় জমা দেওয়া হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয় এক যুবক উত্তরপত্রগুলো শিবপুর মডেল থানায় হস্তান্তর করলে বিষয়টি প্রকাশ্যে আসে। উদ্ধার হওয়া সব খাতা সিলগালা অবস্থায় ছিল বলে জানিয়েছে প্রশাসন, ফলে বড় ধরনের কোনো অনিয়মের আশঙ্কা তৈরি হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ব্রিজের কাছে তিনটি প্যাকেট পড়ে থাকতে দেখেন মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের বাসিন্দা রাহিম মিয়া। পরে তিনি কৌতূহলবশত প্যাকেটগুলো বাড়িতে নিয়ে যান।

বিজ্ঞাপন

পরদিন এক শিক্ষিত প্রতিবেশীর মাধ্যমে জানা যায়, এগুলো চলতি বছরের এসএসসি ভোকেশনাল পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের উত্তরপত্র। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি সেগুলো থানায় জমা দেন।

পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে প্যাকেটগুলো যাচাই করে নিশ্চিত হয় যে, মোট ২৬৮টি খাতা সিলগালা অবস্থায় রয়েছে। এগুলো নরসিংদীর মনোহরদী ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পরীক্ষার্থীদের।

প্রাথমিকভাবে জানা গেছে, ডাক বিভাগের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর সময় অসাবধানতাবশত ভ্যানগাড়ি থেকে প্যাকেটগুলো পড়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয় যুবক রাহিম মিয়া বলেন, রাস্তার পাশে প্যাকেট দেখে তিনি বাড়িতে নিয়ে যান এবং পরে নিশ্চিত হয়ে দ্রুত থানায় জমা দেন।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন জানান, সব উত্তরপত্র অক্ষত ও সিলগালা অবস্থায় থাকায় বড় কোনো জটিলতা তৈরি হয়নি। পরে সেগুলো পুনরায় সিলগালা করে উপজেলা পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD