নানা আয়োজনে পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
বিজ্ঞাপন
তিন দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিনে শনিবার (২ মে) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের জীবন সদস্য ও সাবেক সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু।
উদ্বোধনী পর্ব শেষে প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান এবং পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষাবিদ শিবজিত নাগ।
এছাড়াও প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, ক্লাবের বর্তমান সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর সূচি অনুযায়ী, বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিজানুর রহমান মিনু এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ফারজানা শারমীন।
বিজ্ঞাপন
আলোচনা সভা শেষে দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
উল্লেখ্য, শুক্রবার কেক কাটার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই আয়োজনের সূচনা হয়। আগামীকাল ক্লাব সদস্যদের মিলনমেলার মধ্য দিয়ে শেষ হবে এই বর্ণিল আয়োজন।








