নেত্রকোণায় তলিয়ে যাওয়া ধান কেটে দিলেন ছাত্রলীগের সাবেক নেতা

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার হাওড়াঞ্চলে পানিতে তলিয়ে যাওয়া বোরো ধান কেটে এক অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্রলীলের সাবেক এক নেতা ও তাঁর অনুসারীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের রোয়াইল বিল এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে স্থানীয় কৃষক সুনীল দেবনাথের প্রায় ৭০ শতাংশ জমির পানিতে তলিয়ে যাওয়া ধান কেটে দেন জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক শেখ শাহান বাবু ও তাঁর সহযোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও উজানের ঢলে হাওড়াঞ্চলের একমাত্র বোরো ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে ওই কৃষকের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন তারা।
বিজ্ঞাপন
ধান কাটার দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেইজ এবং শাহান বাবুর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হলে অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।
ভাইরাল হওয়া ভিডিওতে কিছু রাজনৈতিক বক্তব্যও শোনা যায়। সেখানে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংগঠন নিষিদ্ধ ঘোষণার বিষয় এবং ভবিষ্যৎ আন্দোলন নিয়ে মন্তব্য করতে দেখা যায়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় কৃষক বলেন, দুর্যোগের সময়ে ধান কেটে দেওয়ার মতো সহায়তা তাদের জন্য বড় উপকার। তবে রাজনৈতিক বক্তব্যের বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
এ প্রসঙ্গে শেখ শাহান বাবু বলেন, “কৃষকের এই সংকটাপন্ন মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি দাবি করেন, সাদ্দাম হোসেন এবং নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান-এর নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তারা অবগত নন।








