Logo

মাদক ব্যবসায়ী-সেবী কাউকেই ছাড় নয়: এমপি আব্দুল মান্নান

profile picture
উপজেলা প্রতিনিধি
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া
২ মে, ২০২৬, ১৪:৫৯
মাদক ব্যবসায়ী-সেবী কাউকেই ছাড় নয়: এমপি আব্দুল মান্নান
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেছেন, “মাদক ব্যবসায়ী হোক বা সেবী—কাউকেই ছাড় দেওয়া হবে না।” তিনি নবীনগরকে মাদকমুক্ত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত অনলাইন জুয়া, মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন।

এমপি আব্দুল মান্নান বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ ও পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। মাদক ব্যবসার সঙ্গে জড়িতরা মানবতার শত্রু এবং টাকার জন্য তারা যেকোনো অপরাধে জড়িয়ে পড়তে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের সামাজিক সম্পর্ক রাখা যাবে না। বিয়ে-শাদি বা সামাজিক অনুষ্ঠান থেকেও তাদের দূরে রাখতে হবে—তাহলেই তারা সমাজে টিকতে পারবে না।”

নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি জানান, নবীনগরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ আয়োজন করা হচ্ছে। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি সামাজিক আন্দোলন—যাতে সকলকে সম্পৃক্ত হতে হবে।

বিজ্ঞাপন

প্রশাসনের প্রতি কঠোর বার্তা দিয়ে এমপি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে হবে এবং কোনো প্রভাবশালী মহলের চাপে আইন প্রয়োগে শিথিলতা দেখানো যাবে না। পাশাপাশি সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনার আশপাশে মাদক ব্যবসায়ী বা সেবী থাকলে নির্ভয়ে প্রশাসনকে জানান।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ময়িন আহামেদ ময়িন, রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মোছলে উদ্দিন মোছেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD