চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (২ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বড় কুমিরা মাজার গেইট সংলগ্ন একটি দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তি মোহাম্মদ আরমান (৩০)। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায় বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন মো. কামাল হোসেন (৪৪) ও হেলাল উদ্দিন (১৯)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। এছাড়া আরও দুইজন এই বিস্ফোরণে আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে একটি স্ক্র্যাপ দোকানের সামনে ভটভটি করে কয়েকটি গ্যাস সিলিন্ডার এনে নামিয়ে রাখছিলেন ভটভটি চালক আরমান। এসময় হঠাৎ একটি গ্যাস সিলেন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে আরমান নিহত হন। এসময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত চারজনের মধ্যে ২ জনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনকে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানিয়েছেন, কুমিরা এলাকায় একটি স্ক্র্যাপ দোকানের সামনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন মারা গেছেন। কয়েকজন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গেছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন








