ভরাট খালে পানি প্রবাহে বাধা, সোনাইমুড়ীতে বাড়ছে জলাবদ্ধতা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বর্ষা মৌসুম এলেই তীব্র জলাবদ্ধতার মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় বর্ষার শুরুতেই তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, দোকানপাট ও বসতবাড়ি।
বিজ্ঞাপন
স্থানীয়দের অভিযোগ, খাল ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচলের পথ বন্ধ হয়ে প্রতিবছরই এ জলাবদ্ধতা তৈরি হচ্ছে। উপজেলার প্রাণকেন্দ্র সোনাইমুড়ী বাজার এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া মহেন্দ্র খাল, যা ভলুয়া খাল নামেও পরিচিত, বর্তমানে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে পড়েছে।
অভিযোগ রয়েছে, ব্যবসায়ীদের একটি অংশ নিয়মিতভাবে খালে বর্জ্য ফেলায় পানি প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানির নিচে তলিয়ে যাচ্ছে, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
খালে জমে থাকা আবর্জনা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা আশপাশের পরিবেশ দূষিত করছে এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। এতে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
একই চিত্র দেখা গেছে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও সোনাইমুড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর পাশ দিয়ে প্রবাহিত খালেও। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, নির্দিষ্ট স্থান থাকা সত্ত্বেও বাজারের বর্জ্য খালেই ফেলা হচ্ছে, যা তাদের চলাচল ও স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
এদিকে স্থানীয়দের দাবি, পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টি অবগত থাকলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাদের গাফিলতির কারণেই সমস্যাটি দিন দিন প্রকট আকার ধারণ করছে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় সচেতন মহল দ্রুত খালগুলো পরিষ্কার করা এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়।








