Logo

রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্রদল নেতার

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
৩ মে, ২০২৬, ১৬:০১
রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্রদল নেতার
ছবি: সংগৃহীত

নিজের পেশাগত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাদ বাবু। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) দুপুরে ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশিত ওই বার্তায় সাদ বাবু তার রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন এবং দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা ভাগ করেন। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা এবং মাজহারুল ইসলাম খাদেমের ছেলে।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ২০১৮-১৯ সাল থেকে তিনি সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন। পরে ২০২১-২২ সালে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দলের কঠিন সময়েও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

তবে সাম্প্রতিক সময়ে নিজের জীবনের মূল্যায়ন করে তিনি মনে করছেন, রাজনীতিতে অতিরিক্ত সময় দেওয়ার কারণে তার ব্যক্তিগত ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, এখন তিনি সম্পূর্ণভাবে নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে চান এবং তাই আর রাজনীতিতে সক্রিয় থাকতে আগ্রহী নন। একই সঙ্গে তিনি জামালপুর জেলা ও মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নিজের অব্যাহতির বিষয়টি জানান এবং অতীতে কোনো ভুল বা অনাকাঙ্ক্ষিত আচরণ হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে গণমাধ্যমকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সাদ বাবু বলেন, রাজনীতিতে সময় দেওয়ার ফলে তার ব্যক্তিগত উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। এখন তিনি নতুনভাবে নিজের ক্যারিয়ার গঠনে মনোযোগ দিতে চান এবং সে কারণেই রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল জানান, সাদ বাবুর এই সিদ্ধান্ত সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে অবগত নন। তিনি বলেন, সাদ বাবু পূর্ববর্তী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD