Logo

উৎপাদনে নতুন রেকর্ড গড়ল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

profile picture
উপজেলা প্রতিনিধি
রামপাল, বাগেরহাট
৩ মে, ২০২৬, ১৫:৫৯
উৎপাদনে নতুন রেকর্ড গড়ল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
ছবি: সংগৃহীত

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। পুরো মাসজুড়ে চলা তীব্র তাপপ্রবাহ এবং দেশে বিদ্যুতের উচ্চ চাহিদার চাপের মধ্যেও কেন্দ্রটি ৭৬০ মিলিয়ন ইউনিটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংকটের এ সময়ে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশেরও বেশি একাই জোগান দিয়েছে কেন্দ্রটি।

বিজ্ঞাপন

ফলে এটি জাতীয় জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এক ধরনের ‘অতন্দ্র প্রহরী’ হিসেবে আবির্ভূত হয়েছে।

এপ্রিলজুড়ে তীব্র দাবদাহের মধ্যেও কেন্দ্রটি গড়ে ৮০ শতাংশ প্লান্ট লোড ফ্যাক্টর (পিএলএফ) ধরে রাখতে সক্ষম হয়। বিশেষ করে মাসের প্রথম সপ্তাহে যখন জাতীয় গ্রিডে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে, তখন কেন্দ্রটি প্রায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন অব্যাহত রেখে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখে।

পঞ্চমবারের মতো এক মাসে ৭০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক স্পর্শ করল রামপাল বিদ্যুৎকেন্দ্র।

বিজ্ঞাপন

ধারাবাহিক এ সাফল্য কেন্দ্রটির নিরবচ্ছিন্ন কার্যক্ষমতা ও নির্ভরযোগ্যতার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রযুক্তিগত উৎকর্ষের দিক থেকেও কেন্দ্রটি অত্যাধুনিক ‘আল্ট্রা-সুপারক্রিটিক্যাল’ প্রযুক্তিতে নির্মিত। এতে ব্যবহৃত উন্নত ফ্লু গ্যাস ডি-সালফারাইজেশন (এফজিডি) প্রযুক্তি পরিবেশগত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে, যা বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পরিবেশ সুরক্ষাও নিশ্চিত করে। একই সঙ্গে শিল্প ও আবাসিক খাতে নিরবচ্ছিন্ন ‘বেসলোড’ বিদ্যুৎ সরবরাহে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক শ্রী রমানাথ পূজারী বলেন, সর্বোচ্চ চাহিদার সময়ে প্রায় পূর্ণ সক্ষমতায় কেন্দ্র পরিচালনা করা আমাদের শক্তিশালী নকশা ও দলের নিরলস প্রচেষ্টারই ফল। এটি দুই দেশের সফল সহযোগিতার একটি অনন্য উদাহরণ।

বিজ্ঞাপন

বর্তমানে ভারতের এনটিপিসির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি প্রকৌশলীরা কেন্দ্রটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন। এতে দেশের অভ্যন্তরীণ কারিগরি দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতেও বড় অগ্রগতি হয়েছে।

জ্বালানি সরবরাহ বহুমুখীকরণ এবং স্থিতিশীল বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিকূল আবহাওয়া ও উচ্চ চাহিদার সময়েও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কেন্দ্রটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD