চোখ বাঁধা অবস্থায় মাস্ক পরে বিশ্ব রেকর্ড গড়লেন মঠবাড়িয়ার সিফাত

চোখ বাঁধা অবস্থায় দ্রুততম সময়ে ১০টি সার্জিক্যাল মাস্ক পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন পিরোজপুরের মঠবাড়িয়ায় তরুণ সিফাত আকন। মাত্র ১০.৩২ সেকেন্ডে ১০টি মাস্ক পরে তিনি এই অসাধারণ রেকর্ড গড়েন।
বিজ্ঞাপন
গত ২৮ এপ্রিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার এই অর্জন স্বীকৃতি দেয়। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি এ রেকর্ডের জন্য আবেদন করেন।
সিফাত জানান, কয়েক বছর আগে গিনেস রেকর্ডস নিয়ে একটি প্রতিবেদন দেখে তার আগ্রহ জন্মায়। পরে তিনি বিভিন্ন রেকর্ড ঘেঁটে মাস্ক সংক্রান্ত এই চ্যালেঞ্জটি বেছে নেন। তাঁর লক্ষ্য ছিল পূর্বের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করা। এর আগে একজন ভারতীয় প্রতিযোগী প্রায় ১১.৫৪ সেকেন্ডে এই কাজটি সম্পন্ন করেছিলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, রেকর্ড প্রস্তুতিতে সবচেয়ে বড় সমস্যা ছিল তথ্য ও গাইডলাইন পাওয়া। প্রায় ৯ মাস ধরে বিভিন্নভাবে অনুশীলন ও প্রস্তুতি চালান তিনি।
উচ্চমাধ্যমিক পরীক্ষার পর দীর্ঘ ছুটিতে পুরোপুরি মনোযোগ দেন প্রস্তুতিতে। শুরুতে একটি সেট সম্পন্ন করতে ২৫-২৬ সেকেন্ড সময় লাগলেও ধীরে ধীরে তিনি তা কমিয়ে আনেন ১০.৩২ সেকেন্ডে।
অনুশীলনের সময় তার পাশে ছিলেন মা, ছোট ভাই এবং বন্ধু ইমন। পরিবারের উৎসাহই তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে বলে জানান সিফাত।
বিজ্ঞাপন
সিফাতের বাবা আব্দুল জলিল বনরক্ষী হিসেবে কর্মরত এবং মা বেগম সুরমা গৃহিণী।
ভবিষ্যতে আরও রেকর্ড গড়ার পরিকল্পনা রয়েছে তার। এক মিনিটে সর্বোচ্চ সংখ্যক মানুষকে আলিঙ্গন করা এবং সর্বাধিক হ্যান্ডশেক করার রেকর্ড গড়ার ইচ্ছাও রয়েছে এই তরুণের।








