Logo

ব্রিতে ডিজি নিয়োগ ঘিরে দ্বন্দ্ব, কার্যালয়ে তালা—চরম অচলাবস্থা

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৪ মে, ২০২৬, ১৫:৪৪
ব্রিতে ডিজি নিয়োগ ঘিরে দ্বন্দ্ব, কার্যালয়ে তালা—চরম অচলাবস্থা
ছবি: প্রতিনিধি

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-তে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে চরম উত্তেজনা বিরাজ করছে। নবনিযুক্ত ডিজি ড. মো. আমিনুল ইসলামকে ঘিরে বিরোধের জেরে পুরো প্রতিষ্ঠানে অচলাবস্থা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ মে) সকাল থেকেই ব্রির মহাপরিচালকের কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারী ও বিজ্ঞানীরা দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান নেন। এক পক্ষ নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করে, অন্য পক্ষ নিয়োগের পক্ষে অবস্থান নিয়ে পাল্টা স্লোগান দেয়। এ সময় আন্দোলনকারীরা একাধিক দপ্তরে তালা ঝুলিয়ে কর্মবিরতি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়।

নিয়োগবিরোধী বিজ্ঞানীরা অভিযোগ করেন, নবনিযুক্ত ডিজি অতীতে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের দাবি, এমন ব্যক্তিকে নেতৃত্বে আনা হলে গবেষণা কার্যক্রম ব্যাহত হবে এবং কর্মপরিবেশ নষ্ট হবে। তারা নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং নতুন ডিজিকে দায়িত্ব নিতে না দেওয়ার কথাও জানান।

বিজ্ঞাপন

ব্রি বিজ্ঞানী সমিতির সহ-সভাপতি ড. এ বি এম আনোয়ার উদ্দিন বলেন, দীর্ঘদিন পদটি শূন্য থাকার পর যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তিনি বিগত সরকারের সুবিধাভোগী।

সমিতির সাধারণ সম্পাদক ড. হাবিবুর রহমান মুকুল বলেন, “এটি ব্যক্তিগত বিরোধ নয়, বরং জ্যেষ্ঠতা লঙ্ঘন ও বিতর্কিত অতীতের কারণে এই ক্ষোভ তৈরি হয়েছে।”

অন্যদিকে নিয়োগের পক্ষে থাকা কর্মকর্তা-কর্মচারীরা জানান, দীর্ঘদিন ডিজি না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। তাদের মতে, মন্ত্রণালয় নিয়ম মেনেই এই নিয়োগ দিয়েছে এবং বিরোধিতাকারীরা অযথা প্রতিষ্ঠানকে অচল করে দিচ্ছেন।

বিজ্ঞাপন

নবনিযুক্ত ডিজি ড. মো. আমিনুল ইসলাম বলেন, “এখানে কোনো পক্ষ নেই। সবার লক্ষ্য হওয়া উচিত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। বিষয়টি ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে।” তিনি আরও জানান, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ হয়েছে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

বর্তমানে ব্রি প্রাঙ্গণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষ অনড় অবস্থানে থাকায় নতুন ডিজি এখনো দায়িত্ব বুঝে নিতে পারেননি, ফলে গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD