ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত বেড়ে ৪

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। নিহতদের মধ্যে মা-মেয়ে এবং একজন নারী আইনজীবী রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার (৪ মে) সকাল প্রায় পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা ইউনিয়নের মনতলা সমিতিঘর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রীর মৃত্যু ঘটে। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে।
বিজ্ঞাপন
প্রথমদিকে নিহতদের পরিচয় জানা না গেলেও পরে স্বজনরা এসে তাদের শনাক্ত করেন। নিহতরা হলেন—জামালপুর সদর উপজেলার রুহিলি শৈলিকান্দা গ্রামের খোরশেদ আলমের স্ত্রী শিউলি আক্তার (৩২) এবং তার মেয়ে খোশনুর জাহান (১২)। অপর নিহত চৌধুরী হোসনে আরা বেগম (৬৫), যিনি ময়মনসিংহ শহরের বড়বাজার এলাকার বাসিন্দা ও পেশায় আইনজীবী ছিলেন।
পুলিশ জানায়, শিউলি আক্তার সৌদি প্রবাসী স্বামীকে টাকা পাঠিয়ে ময়মনসিংহ থেকে জামালপুরে ফিরছিলেন। অন্যদিকে চৌধুরী হোসনে আরা বেগম তার ছোট মেয়ে তামান্না মুনতাকিনকে নিয়ে স্বামীর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা দুর্ঘটনার শিকার হন।
বিজ্ঞাপন
দুর্ঘটনায় আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে ৩২ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আহত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সিএনজিচালক নগরের সানকিপাড়া এলাকার সোহেল মিয়া (২৬) চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
ঘটনার পর দুর্ঘটনায় জড়িত ট্রাক ও সিএনজিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








