মহেশপুরে শিল্পায়নের জোয়ার, বদলে যাচ্ছে জনপদ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শিল্পায়নের ছোঁয়ায় দ্রুত বদলে যাচ্ছে জনপদের চিত্র। প্রায় ১৬০ বিঘা জমিজুড়ে গড়ে ওঠা তুষার সিরামিকস লিমিটেডসহ একাধিক শিল্পপ্রতিষ্ঠান এখন এ অঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।
বিজ্ঞাপন
তুষার সিরামিকস, বি অ্যান্ড টি কেবল, স্মার্ট মিটার উৎপাদন কারখানা, অ্যালুমিনিয়াম প্লান্ট, আধুনিক কোল্ড স্টোর এবং একটি পরিকল্পিত আবাসিক প্রকল্পকে ঘিরে গড়ে উঠেছে সমন্বিত শিল্পাঞ্চল। এই উদ্যোগ শুধু মহেশপুর নয়, আশপাশের জনপদের মানুষের জীবন-জীবিকায়ও ইতিবাচক পরিবর্তন এনেছে।
একসময় কৃষিনির্ভর এই অঞ্চলে এখন সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের নতুন দিগন্ত। শিল্পাঞ্চলে প্রত্যক্ষভাবে কয়েক হাজার শ্রমিক কাজ করছেন এবং পরোক্ষভাবে উপকৃত হচ্ছেন হাজারো পরিবার। স্থানীয় বাজারে বেড়েছে অর্থের প্রবাহ, ছোট ব্যবসা-বাণিজ্যে এসেছে গতি, উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা এবং আবাসন খাতেও তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।
আরও পড়ুন: বাউফলে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১
বিজ্ঞাপন
শ্রমিকদের ভাষ্যেও ফুটে উঠেছে এই পরিবর্তনের চিত্র। বি অ্যান্ড টি কেবলের কর্মী হাসান আলী বলেন, আগে কাজের নিশ্চয়তা ছিল না। এখন নিয়মিত আয় হচ্ছে, পরিবার নিয়ে স্বস্তিতে আছি। একই প্রতিষ্ঠানের বিকাশ কুমার জানান, এখানে কাজ করে ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে পারছি। সন্তানদের পড়াশোনার খরচ ঠিকমতো চালাতে পারছি।
স্মার্ট মিটার কারখানার কর্মী রাসেল আহমেদ বলেন, প্রযুক্তিনির্ভর পরিবেশে কাজ করে নতুন দক্ষতা অর্জন করছি, যা আমাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। কোল্ড স্টোরের কর্মী শাহেদুল ইসলাম জানান, এখানে সংরক্ষণের সুবিধা পাওয়ায় কৃষকরাও লাভবান হচ্ছেন, পাশাপাশি আমাদের কর্মসংস্থানও হয়েছে।
তুষার সিরামিকসের কর্মীদের মতে, এই শিল্পাঞ্চল এখন পুরো এলাকার উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। তারা বলেন, এখানে শুধু চাকরি নয়, আত্মমর্যাদা ও নিরাপদ জীবনের নিশ্চয়তাও পেয়েছি।
বিজ্ঞাপন
শিল্পাঞ্চল ঘিরে গড়ে ওঠা পরিকল্পিত আবাসিক প্রকল্প নিয়েও আশাবাদী সংশ্লিষ্টরা। আবাসিক পরিচালক মো. ওয়াহেদুজ্জামান বলেন, আমরা একটি আধুনিক, নিরাপদ ও টেকসই কমিউনিটি গড়ে তুলতে কাজ করছি। সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান জানান, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে।
কারখানার মালিক ইঞ্জিনিয়ার মোকলেসুর রহমান বলেন, আমাদের লক্ষ্য শুধু উৎপাদন নয়, মহেশপুরে একটি শক্তিশালী শিল্পভিত্তি গড়ে তোলা। ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও প্রবেশের পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
পরিবেশগত বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, এই শিল্পাঞ্চল স্থানীয় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রশাসনের পক্ষ থেকে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মতে, শিল্প, কৃষি ও আবাসনের সমন্বয়ে গড়ে ওঠা এই উদ্যোগ মহেশপুরের অর্থনীতিকে নতুন ভিত্তি দিয়েছে। বাজারে বেড়েছে ক্রয়ক্ষমতা, পরিবহন ও সেবাখাতে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান।
বিজ্ঞাপন
স্থানীয়দের প্রত্যাশা, সঠিক পরিকল্পনা ও অব্যাহত বিনিয়োগ থাকলে এই শিল্পাঞ্চল একদিন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে। মহেশপুরের মানুষ এখন স্বপ্ন দেখছে একটি আধুনিক, সমৃদ্ধ ও আত্মনির্ভর জনপদের।








