অস্ট্রেলিয়ায় বসেও সংগীত ও চলচ্চিত্রে সাফল্যের গল্প

হবিগঞ্জের চুনারুঘাটে জন্ম নেওয়া লিটন কামাল শেখ এখন অস্ট্রেলিয়ায় বসেই সংগীত ও চলচ্চিত্র জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান শিল্পী একাধারে অভিনেতা ও সংগীতশিল্পী হিসেবে কাজ করে যাচ্ছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে।
বিজ্ঞাপন
ইংরেজি ও বাংলা—দুই ভাষাতেই কাজ করে তিনি ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের নজর কেড়েছেন। নিজস্ব সৃজনশীলতা ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে তিনি গড়ে তুলেছেন নিজস্ব পরিচিতি।
সিডনির ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রামাটিক আর্ট (NIDA) থেকে পড়াশোনা শেষ করে লিটন শেখ তার সংগীত জীবনের যাত্রা শুরু করেন। ২০১২ সালে প্রকাশ করেন তার প্রথম স্ব-প্রযোজিত গান ‘কোয়েলি’, যা তার সংগীত ক্যারিয়ারের সূচনা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজ্ঞাপন
পরবর্তীতে ‘জিপসি হার্ট অ্যান্ড মি’, ‘লাভ অ্যান্ড গড’সহ বেশ কয়েকটি গান ও অ্যালবাম প্রকাশ করেন তিনি। তার জনপ্রিয় গান ‘রম পম’ সম্প্রতি অনলাইনে নতুন করে আলোচনায় এসেছে এবং শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন লিটন শেখ। ‘লাভ অ্যান্ড গানস – মাফিয়া টেলস’ চলচ্চিত্রে ‘শ্যাডি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছেন। ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পাওয়ায় তার ক্যারিয়ারে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
বিজ্ঞাপন
বর্তমানে তিনি সংগীত ও অভিনয়—দুই ক্ষেত্রেই সমানভাবে সক্রিয় রয়েছেন। ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ প্রকাশ করে বিশ্বজুড়ে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করছেন এই বহুমাত্রিক শিল্পী।








