Logo

জীবননগরে ফার্মের বাউন্ডারি ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
৪ মে, ২০২৬, ১২:২৩
জীবননগরে ফার্মের বাউন্ডারি ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি ফার্মের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নীতিমালা উপেক্ষা করে কাজ পরিচালনার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

উপজেলার জীবননগর-দত্তনগর সড়কের নারিকেল বাগান সংলগ্ন পাতিলা ফার্মে চলমান এ নির্মাণকাজ নিয়ে সম্প্রতি নানা প্রশ্ন উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নির্মাণকাজে নির্ধারিত অনুপাতে সিমেন্ট ব্যবহার না করে অতিরিক্ত বালু ব্যবহার করা হচ্ছে। এছাড়া সীমানা প্রাচীর নির্মাণে প্রতি ছয় ইঞ্চি পরপর রডের রিং বসানোর নিয়ম থাকলেও বাস্তবে কোথাও এক ফুট, কোথাও তারও বেশি দূরত্বে রিং বসিয়ে ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার ইমরান হোসেনের কাছে কাজের সিডিউল, প্রতিষ্ঠানের নাম ও বাজেট সম্পর্কে জানতে চাইলে তিনি দাবি করেন, “কাজ নিয়ম মাফিকই চলছে। ঢালাইয়ের সময় প্রকৌশলী উপস্থিত ছিলেন।” তবে সরেজমিনে অনিয়মের প্রমাণ দেখানো হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

অভিযোগ রয়েছে, এ সময় তিনি সাংবাদিকদের ‘ম্যানেজ’ করারও চেষ্টা করেন। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ও প্রকল্প ব্যয়ের তথ্য না দিয়েই তিনি স্থান ত্যাগ করেন।

অন্যদিকে, দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কাজে কোনো ধরনের দুর্নীতি হলে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে।” তবে অভিযোগ ওঠার পরও কাজ চলমান থাকায় তার তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

সোমবার (৪ মে) পুনরায় যোগাযোগ করলে তিনি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ও প্রকল্প ব্যয়ের পরিমাণ এই মুহূর্তে তার মনে নেই। তিনি আরও বলেন, “আমি সবসময় সেখানে যেতে পারি না। তাই ফার্মে কর্মরত সুজন নামের একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং একটি কমিটির মাধ্যমে কাজ তদারকির কথা রয়েছে।”

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারের বক্তব্য থেকে ধারণা পাওয়া গেছে, সংশ্লিষ্ট অনেকেই বিষয়টি সম্পর্কে অবগত। স্থানীয় নেতৃবৃন্দ ও ফার্ম কর্তৃপক্ষের জ্ঞাতসারেই কাজটি পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

এতসব অভিযোগের পরও নির্মাণকাজ চলমান থাকায় তদারকি কমিটির ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্টদের কেউ কেউ আর্থিক সুবিধার বিনিময়ে নীরব ভূমিকা পালন করছেন।

এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD