বাউফলে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

পটুয়াখালীর বাউফলে ‘বাউফল ট্রাভেলস’ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় ঘটনাস্থলেই মাহমুদুল হক নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিজ্ঞাপন
রবিবার (৩ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার আফসের গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি দশমিনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে দশমিনা বাসস্ট্যান্ড থেকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাউফল সদর ইউনিয়নের আফসের গ্যারেজ এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে।
বিজ্ঞাপন
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাহমুদুল হক বাসটির সুপারভাইজার ছিলেন এবং তিনি বাউফল উপজেলার বামনিকাঠি গ্রামের বাসিন্দা।
দশমিনা থানার যাত্রী মাহাবুব জানান, বাসটি হঠাৎ কেঁপে ওঠে এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই খাদে পড়ে যায়। বাসের নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন।
বিজ্ঞাপন
এদিকে গুরুতর আহত অন্তত তিনজনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম তদারকি করছি। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সঠিক সংখ্যা এখনও নিরূপণ করা যায়নি। বাসটি তুলতে পারলে বিস্তারিত জানা যাবে।
বিজ্ঞাপন
উদ্ধার কাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।








