গাংনীতে ইয়াবাসহ নারী গ্রেফতার, স্বামীকে না ধরায় প্রশ্ন

মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে ১২৪ পিস ইয়াবাসহ নাসরিন আক্তার নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে একই ঘটনায় তার স্বামীকে গ্রেফতার না করায় এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৩ মে) রাতে উপজেলার বেতবাড়ীয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। সোমবার (৪ মে) গ্রেফতারকৃত নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ ২০ হাজার ৭৬৬ টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নাসরিন আক্তারকে আটক করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রের দাবি, অভিযানের সময় ওই নারীর স্বামী জাহাঙ্গীর হোসেনও বাড়িতে উপস্থিত ছিলেন। তবে তাকে গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কিছু স্থানীয় বাসিন্দার অভিযোগ, অভিযানের সময় ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়া হয় এবং পরে আর আটক করা হয়নি। যদিও পুলিশ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
বিজ্ঞাপন
গাংনী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








