মৌলভীবাজারে হাওরে নৌকা ডুবে চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় হাওরে ধান কেটে ফেরার পথে নৌকা ডুবে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রঞ্জন বাউরি (৪০)। তিনি কমলগঞ্জ উপজেলার চাতলাপুর চা বাগানের ৪৪ নম্বর পাট্টা এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের কাওয়াদিঘি হাওরের গুলাইয়া বিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জন বাউরিসহ ৫-৬ জন শ্রমিক গত কয়েক বছর ধরে বোরো মৌসুমে ওই এলাকায় ধান কাটার কাজ করে আসছিলেন। চলতি মৌসুমেও তারা প্রায় ১৫ দিন ধরে স্থানীয় এক কৃষকের জমিতে ধান কাটছিলেন এবং তার বাড়িতেই অবস্থান করছিলেন।
বিজ্ঞাপন
সোমবার বিকেলে ধান কেটে নৌকায় বোঝাই করে ফেরার সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। এতে সবাই পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা অন্য একটি নৌকা নিয়ে এসে তাদের উদ্ধার করেন।
এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় রঞ্জন বাউরিকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া জানান, মরদেহ থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








