Logo

জীবননগরে এক জমিতে ড্রাগন-আঙ্গুর চাষ, স্কুল শিক্ষকের ব্যতিক্রমী উদ্যোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
৫ মে, ২০২৬, ১১:৫৪
জীবননগরে এক জমিতে ড্রাগন-আঙ্গুর চাষ, স্কুল শিক্ষকের ব্যতিক্রমী উদ্যোগ
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক স্কুল শিক্ষক একই জমিতে ড্রাগন ফল ও আঙ্গুর চাষ করে সৃষ্টি করেছেন অনন্য দৃষ্টান্ত। সীমিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে তার এই উদ্যোগ ইতোমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

উপজেলার প্রতাপপুর গ্রামের শিক্ষক সুরুজ মন্ডল নিজস্ব জমিতে নিচে ড্রাগন ফল এবং উপরে ‘মাচা পদ্ধতিতে’ আঙ্গুর চাষ করছেন। এই সমন্বিত চাষাবাদ পদ্ধতি একদিকে যেমন জমির কার্যকর ব্যবহার নিশ্চিত করছে, অন্যদিকে বাড়াচ্ছে উৎপাদন ও লাভের সম্ভাবনা।

স্থানীয় কৃষকদের মতে, একই জমিতে দুই ধরনের ফল চাষের এই পদ্ধতি এলাকায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। অনেকেই তার খামার পরিদর্শন করে এ ধরনের চাষাবাদে আগ্রহ দেখাচ্ছেন।

বিজ্ঞাপন

সুরুজ মন্ডল জানান, কম জমিতে বেশি উৎপাদনের চিন্তা থেকেই এই পদ্ধতি গ্রহণ করেছি। ড্রাগন গাছ নিচে ভালোভাবে বেড়ে ওঠে, আর উপরে মাচায় আঙ্গুর লতা ছড়িয়ে পড়ে—এতে জমির কোনো অংশই ফাঁকা থাকে না।

তিনি আরও বলেন, সঠিক পরিচর্যা ও পরিকল্পনা থাকলে এ পদ্ধতিতে ভালো লাভ করা সম্ভব। ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তারা কৃষকদের আধুনিক ও লাভজনক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এলাকাবাসীর আশা, এ ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়লে কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং কৃষকের আয় বৃদ্ধি পাবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD