Logo

জীবননগরে ভারতীয় নাগরিকসহ সাতজনকে পুলিশের কাছে দিল জনতা

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
১৯ আগস্ট, ২০২৬, ১৬:৪২
জীবননগরে ভারতীয় নাগরিকসহ সাতজনকে পুলিশের কাছে দিল জনতা
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাঁদের সহযোগিতার অভিযোগে আরও দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বুধবার সকাল ১০টার দিকে জীবননগর শহর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক পাঁচজনের মধ্যে চারজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন। প্রাথমিকভাবে তাঁদের পরিচয় হিসেবে বাগেরহাটের শরণখোলা উপজেলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি, হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ানের নাম জানা গেছে।

স্থানীয়দের দাবি, বুধবার ভোর ৬টার দিকে ওই পাঁচজন বেনীপুর সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তাঁরা জীবননগর শহরের দিকে আসার সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। একপর্যায়ে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়। তাঁদের বাংলাদেশে প্রবেশের কারণ, সীমান্ত পার হওয়ার প্রক্রিয়া এবং পরিচয় যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

এদিকে একই সময় বেনীপুর সীমান্ত এলাকার হাসিবুল ও আসমাউল নামে আরও দুই যুবককে স্থানীয়রা আটক করেন। তাঁদের বিরুদ্ধে পাঁচজনকে সীমান্ত পারাপারে সহযোগিতা করার অভিযোগ ওঠে। পরে তাঁদেরও পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে হাসিবুল ও আসমাউল তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, রাস্তায় ওই পাঁচজনের সঙ্গে তাঁদের দেখা হয়। পরে ৫০০ টাকার বিনিময়ে তাঁদের জীবননগর পর্যন্ত পৌঁছে দেন তাঁরা। সীমান্ত পারাপারে সহযোগিতা করার বিষয়টি তাঁরা অস্বীকার করেন।

বিজ্ঞাপন

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, স্থানীয় জনতা একজন ভারতীয় নাগরিক, দুইজনকে সহযোগিতাকারী হিসেবে সন্দেহভাজনসহ মোট সাতজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছে। তাঁদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের পরিচয়, বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্য এবং সীমান্ত পারাপারের সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বেনীপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা ও অবৈধ সীমান্ত পারাপার নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তের পর তাঁদের বাংলাদেশে প্রবেশের প্রকৃত কারণ ও সীমান্ত পারাপারে অন্য কারও সম্পৃক্ততা ছিল কি না, তা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD